
দেশে এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী এই ব্যক্তি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গা থেকে আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন।
রিজভীর ভাষ্য, তাদের অর্থের কোনো অভাব নেই। তারা বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এবং দেশের ভেতরেও তাদের অনেক অর্থ রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা সেই অবৈধ টাকা ব্যবহার করে সন্ত্রাসী ও টোকাইদের দিয়ে এখন বিভিন্ন গাড়িতে আগুন দিচ্ছে। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদেরও হামলার শিকার হতে হচ্ছে। তাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে। তারা সক্রিয় হয়ে ওঠায় গত তিন–চার দিনে বিএনপির তিনজনকে ওরা খুন করল।’
এসব হত্যাকাণ্ডে দেশের বাইরে থেকে মদদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন রিজভী। তাঁর মতে, শেখ হাসিনার ‘লাশ দরকার’, কারণ তিনি একটি আন্দোলন গড়ে তুলতে চান।
স্মরণসভায় প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও অবদানের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, কিংবদন্তিতুল্য নেতা তরিকুল ইসলাম সারা জীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার পাশাপাশি গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করেছেন তিনি।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং তাঁর ছেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।