
বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গোপনে দ্বিতীয় বিয়ে করার পাশাপাশি প্রথম সন্তানের আগমনের সুখবরও জানিয়েছেন তিনি।
চলতি বছরের মার্চের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়টি প্রকাশ্যে আনেন মৌসুমী। তখন তিনি জানান, বছরের শুরুতেই তাঁদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এর কয়েক মাস পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক আয়োজনে স্বামী আবদুল ওয়াদুদ সজীবকে সঙ্গে নিয়ে হাজির হন এই অভিনেত্রী। অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তাঁর বেবিবাম্প। সেখানেই তিনি নতুন বিয়ে ও মা হওয়ার খবর নিশ্চিত করেন।
মৌসুমী জানান, বিষয়টি এতদিন ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হয়েছিল। বিয়ে ও মাতৃত্বের সুখবর একসঙ্গে সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন বলেই আগে কিছু জানাননি। একই সঙ্গে তিনি ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া কামনা করেন।
নতুন স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে সম্পর্কের বিষয়ে অভিনেত্রী বলেন, তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় ১৪ বছর। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই ধীরে ধীরে ভালোবাসা ও পরিণয়ে রূপ নেয়।
মৌসুমী বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের মা হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে তিনি নিজেই প্রকাশ্যে এসে দ্বিতীয় বিয়ে ও মাতৃত্বের সুখবর নিশ্চিত করলেন।