
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে এফডিসিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী দুই বছরের নেতৃত্ব বেছে নিতে শুক্রবার ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।
ভোটগ্রহণ শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেতা ও পরিচালক কাজী হায়াৎ। তিনি বলেন, এবারের নির্বাচনে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং শান্তিপূর্ণ পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
কাজী হায়াৎ বলেন, “এইমাত্র ভোট দিয়ে বের হলাম। পরিবেশ অত্যন্ত সুন্দর ও শান্ত। দুই পক্ষের মধ্যে যে আন্তরিকতা দেখলাম, তাতে আমি অভিভূত। গত কয়েক বছরে যেসব অপ্রীতিকর ঘটনা দেখেছি, সেগুলো ছিল লজ্জাজনক। এবার নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, যারা জয়ী হবেন, পরাজিতরাও তাদের অভিনন্দন জানাবেন। নির্বাচনের সংস্কৃতি এমনই হওয়া উচিত। চলচ্চিত্রের মানুষদের মধ্যে কোনো বিভাজন নেই। বাইরে থেকে কিছু মানুষ বিভক্তি তৈরির চেষ্টা করে, সেটিকে আমি সমর্থন করি না।”
ভোটার উপস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই বর্ষীয়ান নির্মাতা। তার ভাষায়, “ভোটারদের উপস্থিতি ভালো। আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে, যা আমাকে একজন সিনিয়র শিল্পী হিসেবে আনন্দিত করেছে।”
শিল্পী সমিতির প্রয়োজনীয়তা তুলে ধরে কাজী হায়াৎ বলেন, শিল্পীরা সাধারণত নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্যই একত্রিত হন। কেউ বঞ্চিত হলে বা অন্যায়ের শিকার হলে তার পাশে দাঁড়ানোর জন্যই এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে চলচ্চিত্র শিল্প সচল থাকলে শিল্পীদের কর্মসংস্থানও নিশ্চিত হয়।
তিনি বলেন, অনেকেই মনে করেন এফডিসিতে সিনেমার চেয়ে নির্বাচন বেশি আলোচিত হয়। তবে বিষয়টিকে অবজ্ঞা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্পীদের গণতান্ত্রিক চর্চা ও ঐক্যের জায়গা হিসেবেও এই নির্বাচন গুরুত্বপূর্ণ।
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। কমিশনের অন্য সদস্যরা হলেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। এছাড়া নির্বাচন-পরবর্তী আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।