
নাটোরের লালপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর তা প্রত্যাখ্যাত হওয়ায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই শ্রেণির এক সহপাঠীকে পছন্দ করত ওই শিক্ষার্থী। একপর্যায়ে সে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে সহপাঠী রাজি না হওয়ায় ক্লাস চলাকালেই শ্রেণিকক্ষে বিষপান করে সে।
বিষয়টি টের পেয়ে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা গণমাধ্যমকে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তার চিকিৎসা চলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।