
প্রেমের টানে চীনের সাংহাই থেকে ক্রিস হুই বাংলাদেশে পাড়ি জমালেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক গ্রামে আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসবেন তিনি ও বর সুকান্ত সেন। বরবধূর আগমন উপলক্ষে বরের বাড়ি সাজানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হেলিকপ্টারের মাধ্যমে টিকরপাড়া গ্রামের বরবাড়িতে পৌঁছান ক্রিস হুই। স্থানীয়রা জানান, বর-কনেকে এক নজর দেখার জন্য গ্রামের মানুষও ছুটে এসেছেন।
সুকান্ত সেন চীনে প্রবাসী, প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। ক্রিস হুই চীনের সাংহাই থেকে আসছেন। স্থানীয়রা মনে করছেন, বিদেশি তরুণীর সঙ্গে গ্রামের ছেলের বিয়ে হওয়ায় কৌতূহল অনেক।
জানা গেছে, ২০১৮ সালে সুকান্ত চীনে পাড়ি জমান। মাস্টার্স ডিগ্রি শেষ করার পর ক্রিস হুইয়ের সঙ্গে পরিচয় হয় এবং ২০২৩ সালে তারা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালে চীনে বিবাহের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
বিবাহ অনুষ্ঠানে ক্রিস হুইর সঙ্গে তার মা-বাবা ও চাচাও উপস্থিত থাকবেন। ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি বর সুকান্তের গ্রামের বাড়িতে বিয়ের আয়োজন হবে।
কনে ক্রিস হুই বলেন, “আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি বাংলাদেশে এসেছি আমার হাজবেন্ড সুকান্ত সেনের সঙ্গে। এখানে এসে খুবই খুশি আমি।”
বর সুকান্ত সেন বলেন, “২০১৮ সালে চীনে গিয়ে মাস্টার্স সম্পন্ন করি। সেখানে চাকরিতে যোগদান করি। ৩–৪ বছর পর ক্রিসের সঙ্গে পরিচয় হয়। আমাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। ২০২৩ সালে একসঙ্গে ব্যবসা শুরু করি। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিবাহের রেজিস্ট্রেশন করি। এরপর পরিকল্পনা করে বাংলাদেশে আসি। অবশেষে দেশে এসে খুব আনন্দিত। বিশেষ কিছু করার জন্য ঢাকার বদলে সরাসরি হেলিকপ্টারে বাড়িতে পৌঁছেছি।”