
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আপাতত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সারা দেশের তিন লাখের বেশি প্রার্থীর। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্রের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
তবে পরীক্ষার আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, একটি চক্র আগেই প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করছে। এতে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। অভিযোগ সামনে আসার পর পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা শুরু করে অধিদপ্তর। পরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা। এ সময় তাঁদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতেও দেখা যায়।
রাজধানীর মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয়, বাংলা কলেজ, খিলগাঁও মডেল কলেজ ও শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। তাঁরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি এবং নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারী পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ধারদেনা করে ঢাকায় এসেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষা দিতে এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে তাঁরা হতাশ হয়েছেন। এ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি করেন তাঁরা।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষার্থীরা মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলন করছেন। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।