
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আট পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা পৃথক অফিস আদেশে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি জানানো হয়।
পল্লবী ও রূপনগর থানা
অফিস আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার নতুন ওসি করা হয়েছে। ওই থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) পাঠানো হয়েছে।
আরও চার পরিদর্শকের কর্মস্থল পরিবর্তন
একই আদেশে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
রামপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। ডিবির ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।
যাত্রাবাড়ীতেও দায়িত্বে পরিবর্তন
এ ছাড়া যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বদলি ও পদায়নের এসব সিদ্ধান্ত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।