
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। স্থানীয় নেতা-কর্মীদের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। অন্যদিকে আওয়ামী লীগের কর্মী নিজামউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
ইব্রাহিম সিপাহীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি বিকেলে প্রথম আলোকে বলেন, নিহতের শরীরে একটি ছিদ্র দেখতে পেয়েছেন। তবে সেটি গুলির চিহ্ন কি না, তা নিশ্চিত নন। শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত চলছে।
অন্যদিকে, নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। তাঁদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপ করে। এ সময় গুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
এ সময় ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ছাড়া নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে একটি রেস্তোরাঁয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁর আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সংঘর্ষের সময় নিহত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
এসব ঘটনার কারণে রোববার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। জাজিরা থানা-পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান প্রথম আলোকে বলেন, লকডাউনকে কেন্দ্র করে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, সংঘর্ষের সময় গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘাতে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।