
নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারও থাকার কথা নয়।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে দেওয়া বক্তব্যে এ আশা প্রকাশ করেন তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ‘সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারও থাকার কথা নয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সম্পন্ন করার বিষয়টি তুলে ধরে নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য—এ ধরনের নানা বিশেষণে অভিহিত করা হয়। পৃথিবীর অন্য কোথাও নির্বাচন অনুষ্ঠানের আগে এ ধরনের বিশেষণ ব্যবহারের প্রচলন নেই। নির্বাচন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এ ধরনের বিশেষণ বাদ দিয়ে গণতন্ত্রের উপযোগী প্রকৃত নির্বাচন দেখতে চান তিনি।
সিইসি আরও বলেন, ‘যত চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসবে—সব আপনাদের নিয়ে আমরা মোকাবেলা করতে চাই। বিরোধী দলও স্থানীয় নির্বাচন চেয়েছে। সবাই এক দাবি করছে। ইউপি ভোটের পর সিটি, পৌর, উপজেলা ও জেলা ভোট রয়েছে। ১০ মাস থেকে এক বছর সময় লাগে এসব ভোট করতে। ধাপে ধাপে সব নির্বাচন করব, সেভাবে কৌশল নিতে হবে।’
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি—জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।