
পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) এক যৌথ অভিযানে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার সকালে বারখান জেলায় পরিচালিত এই অভিযানে সাত সন্ত্রাসী নিহত হলেও বাহিনীর পক্ষ থেকে চড়া মূল্য দিতে হয়েছে। উগ্রপন্থীদের সঙ্গে সম্মুখ সমরে প্রাণ হারিয়েছেন পাঁচ পাকিস্তানি সেনা সদস্য।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বুধবার (১৩ মে) ভোরে বেলুচিস্তানের বারখান জেলার নোশাম এলাকায় সন্ত্রাসবিরোধী এই বিশেষ অভিযানটি শুরু করা হয়।
সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, অভিযানটির মূল লক্ষ্য ছিল ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের নির্মূল করা। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে, এই গোষ্ঠীটি ভারত-সমর্থিত।
আইএসপিআর আরও জানায়, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘিরে ফেলে। এসময় পালানোর পথ না পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। দীর্ঘস্থায়ী এই বন্দুকযুদ্ধে সাতজন সন্ত্রাসী প্রাণ হারায়। তবে সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন সেনাসদস্য নিহত হন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বর্তমানে ওই এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং অবশিষ্ট সন্ত্রাসীদের খোঁজে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।