
১২ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ নববধু হাফসা আক্তারের। উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে দিন কাটছে স্বজন ও পরিবারের। মেয়ের সন্ধানে পাগল প্রায় মা মুক্তা বেগম। গত ২৬ আগষ্ট বুধবার বিকালে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়রি করেন তিনি। জিডি নং-১২০৬।
উল্লেখ্য, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ২৫ আগস্ট সকালের দিকে উপজেলার ১০ নম্বর মুসলিমপুর নামক এলাকায় শ্বশুর বাড়ি থেকে হাফসা আক্তার নামের এক নববধু নিখোঁজ হয়েছে। তার স্বামীর নাম মেহেরাজ উদ্দিন।
নিখোঁজ হাফসা আক্তার মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল গ্রামের কেফায়েত উল্লাহ ও মুক্তা আক্তারের মেয়ে।
মেয়ের পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ জুন মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর এলাকার বাসিন্দা মেহেরাজ উদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাফসা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। মেহেরাজ উদ্দিন ১০ নম্বর এলাকার মৃত মহিউদ্দিন পাটোয়ারী ও সাফিয়া বেগমের ছেলে।
মেহেরাজ উদ্দিন জানান, গত ২৫ আগষ্ট সকালের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন জানান, মেয়ের সন্ধানে তার মা থানায় জিডি করেছেন। জিডির প্রেক্ষিতে বিধি মোতাবেক অনুসন্ধান অব্যাহত রয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করা হবে বলে তিনি জানান।