
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের পোর্ট হিউরনে রিপাবলিকানদের এক নির্বাচনী সমাবেশে র্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সমাবেশে যোগ দেওয়ার আগে ৪৩ বছর বয়সী এই সংগীতশিল্পী ট্রাম্পের সঙ্গে একই বিমানে ভ্রমণ করেন।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রথমে ওহাইওর সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠন নিয়ে কথা বলেন ট্রাম্প। এরপর তাঁর দৃষ্টি যায় মিনাজের দিকে। উপস্থিত জনতার সামনে তিনি এই সংগীতশিল্পীর শারীরিক অবয়বের প্রশংসা করেন।
মঞ্চ থেকে নামার সময় ট্রাম্প বলেন, ‘নিকিকে এর চেয়ে বেশি সুন্দর আর কখনো লাগেনি।’ এর আগে এক রিপাবলিকান পুরুষ প্রার্থীর নিতম্বের প্রশংসা করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যাই হোক, একটু আগে আমি একটি সুন্দর নিতম্ব দেখেছি। নিকি মিনাজের। এটিতে চোখ এড়িয়ে যাওয়া কঠিন।’
উপস্থিত জনতার উল্লাসের মধ্যে ট্রাম্প মিনাজকে দাঁড়াতে বলেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর এই মন্তব্যে মিনাজ অপমানিত বোধ করেননি।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের প্রতি নিজের পূর্ণ সমর্থন প্রকাশ করেন নিকি মিনাজ। তাঁর ভাষ্য, ট্রাম্পের ফিরে আসা যুক্তরাষ্ট্রে নতুন করে আশার সঞ্চার করেছে। তিনি শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলছেন বলেও মন্তব্য করেন এই সংগীতশিল্পী।
আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান মিনাজ।
এদিকে, ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাঁর প্রশাসনে মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি ঘিরে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং হোয়াইট হাউসের প্রেস সচিব পদ নিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করেন। এর পর থেকেই প্রশাসনে মিনাজকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।