
আগামী অর্থবছরের মধ্যেই দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, দেশের আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছে পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। এ জন্য ১৬ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, এসব হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের চিকিৎসায় ১০টি ডায়ালাইসিস শয্যা নির্ধারিত থাকবে। এ ছাড়া ক্যানসার গবেষণার অগ্রগতিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন তিনি।
ওষুধ রপ্তানি নিয়ে আশাবাদ
বাংলাদেশের ওষুধশিল্পের সম্ভাবনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উৎপাদিত মানসম্মত ওষুধ ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে। অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশি ওষুধের ব্যাপক বিস্তার ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগের সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ওই সময়ে এ খাতকে পরিকল্পিতভাবে দুর্বল ও বিপর্যস্ত করা হয়েছিল। তাঁর অভিযোগ, স্বাস্থ্য খাতে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল।
স্বাস্থ্যবান ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সুস্থ জাতি তৈরি করা না গেলে দেশের অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে না।