
বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দিন থানা থেকে লুটপাট হওয়া সরকারি অস্ত্র ও সরঞ্জাম প্রায় দুই বছর পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিশেষ অভিযান চালিয়ে একটি পুলিশি গ্যাসগান এবং একটি সরকারি হাতকড়া উদ্ধার করা হয়।
আজ সোমবার (১৮ মে) দুপুরে আড়াইহাজার পৌরসভার অন্তর্গত আড়াইহাজার বাজার সংলগ্ন সুবেদ আলী মার্কেটের পেছনের একটি বাসা থেকে এই সরঞ্জামগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সেখানকার জাকির ডাক্তার নামে এক ব্যক্তির বাড়ির টয়লেটের ছাদের ওপর জিনিসগুলো পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ওই বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গ্যাসগানটির বাট নম্বর ১২৩। এছাড়া উদ্ধার হওয়া হাতকড়াটিতে 'বাংলাদেশ পুলিশ' এর প্রাতিষ্ঠানিক লোগো খোদাই করা রয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গ্যাসগান ও হাতকড়াটি ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার হওয়া সরঞ্জাম দুটি আড়াইহাজার থানার বলে পুলিশ নিশ্চিত করেছে।