রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। তবে স্বর্গে যেতে হলে রাজনৈতিক শত্রুদের ভালোবাসতে ও ক্ষমা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।
সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের ‘ষাট মিনিট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া ৮০ বছর বয়সী ট্রাম্পকে সাক্ষাৎকারে মৃত্যু ও মানুষের নশ্বরতা নিয়ে প্রশ্ন করেন সিবিএসের সংবাদদাতা রস ডাউথাত।
মৃত্যুর পর স্মরণীয় হয়ে থাকতে চান ট্রাম্প
মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুক্ষণ নীরব থাকেন ট্রাম্প। পরে তিনি বলেন, ‘আমি আশা করি, মানুষ আমাকে স্মরণ করবে।’
এরপর নিজের ধর্মীয় বিশ্বাসের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। অন্তত আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’
রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন না
স্বর্গে যেতে হলে রাজনৈতিক প্রতিপক্ষদের ভালোবাসতে এবং ক্ষমা করতে হবে কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্নও করা হয় ট্রাম্পকে। এ প্রসঙ্গে জেমস কোমি ও ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক বিরোধীদের কথা উল্লেখ করেন সাংবাদিক।
জবাবে ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই জানান, তাঁদের ক্ষমা করা তাঁর পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, ‘এর উত্তর হলো, না। সত্যি বলতে, আমি তা করতে পারব না।’
নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘সম্ভবত আমি এটা করতে পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই ঘৃণা করে যাব।’
ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু প্রসঙ্গে
সাক্ষাৎকারের অন্য এক পর্যায়ে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও প্রসঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এ বিষয়ে জানতে চাওয়া প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম, যা তাঁকে সবচেয়ে বেশি করা হয়।
হোয়াইট হাউসে প্রথম ও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় বিমান বাহিনীর কয়েকজন অত্যন্ত দক্ষ ও বিশ্বস্ত পাইলটের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন ট্রাম্প। তাঁর দাবি, ওই পাইলটরা ইউএফও নিয়ে তাঁদের কিছু অস্বাভাবিক অভিজ্ঞতার কথা তাঁকে জানিয়েছিলেন।
পাইলটদের পেশাদারত্ব ও যোগ্যতার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমি খুব একটা বিশ্বাসপ্রবণ মানুষ নই। তবে ওভাল অফিসে আমার প্রথম মেয়াদে এবং দ্বিতীয় মেয়াদের কিছু সময়ে বিমান বাহিনীর এমন কয়েকজন পাইলটের সঙ্গে আমার বৈঠক হয়েছে, যাঁরা সত্যিই দক্ষ এবং দৃঢ়চেতা মানুষ। তাঁদের কোনোভাবেই ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী বলা যায় না। এমনকি তাঁরা এসব তত্ত্বের অর্থও বোঝেন না।’
ওই পাইলটদের চেহারা ও ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘তাঁরা অসাধারণ, সত্যিই অসাধারণ পাইলট। বয়সে তরুণ, দেখতে সুদর্শন। তাঁদের চুলের ছাঁটও খুব সুন্দর ও চমৎকার। আমি নিজেও তাঁদের মতো চুল কাটাতে চাই। দেখতে একেবারে নিখুঁত, অনেকটা টম ক্রুজের মতো। তাঁরা বেশ পাতলা গড়নের, সবকিছুতেই বেশ পরিপাটি। আর তাঁরা সত্যিকারের পেশাদার। তাঁরা আমাকে এমন কিছু অভিজ্ঞতার কথা বলেছেন, যেগুলো সত্যিই অদ্ভুত।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস