
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে ফের আলোচনার মধ্যেই তার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন নির্বাচকরা। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণার সময় বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক।
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেন। এ সময় সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’
নির্বাচক আরও জানান, দলের পরিকল্পনায় সাকিবকে দীর্ঘ সময়ের জন্য বিবেচনায় রাখতে চান তারা। এ বিষয়ে তিনি বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগ থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। ওই বছরই শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। পরবর্তীতে রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি সাবেক এই অধিনায়ককে।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিয়েছেন সাকিব। যদিও চলতি পাকিস্তান সুপার লীগে কোনো দল পাননি তিনি।