
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) এবারের আসরে অভিষেক ম্যাচেই মাঠে নামা হলো না বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের। শনিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয়েছে।
ডব্লিউসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কারিগরি কারণে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকরা বলেছে, ‘৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।’
তবে ম্যাচটি কেন স্থগিত হলো, তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি আয়োজকরা। এরই মধ্যে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতার সঙ্গে ম্যাচ স্থগিতের বিষয়টির যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগেও আসরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার খবর প্রকাশিত হয়েছিল।
ডব্লিউসিএলের অধিনায়কদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল উপস্থিত ছিলেন। তবে সেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।
এবারই প্রথম ডব্লিউসিএলে অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
এরপর ৭ অক্টোবর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স, ১১ অক্টোবর ভারত চ্যাম্পিয়ন্স এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের।