.jpg)
বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা আবারো ভারতের মঞ্চে হাজির হচ্ছেন। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লি-তে তার লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি হচ্ছে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণ, যা আয়োজন করছে ফিডিং ইন্ডিয়া ও ডিসট্রিক্ট বাই জোমাটো।
মুম্বাইতে শাকিরা পারফর্ম করবেন মাহালক্ষ্মী রেসকোর্সে, আর দিল্লিতে মঞ্চ হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি শুধু সঙ্গীতের জন্য নয়, এটি ক্ষুধা ও অপুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি করার একটি বড় উদ্যোগ।
শাকিরা এক বিবৃতিতে বলেন, “ভারতে পারফর্ম করা সব সময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।”
শিল্পী হিসেবে খ্যাতির পাশাপাশি সামাজিক কাজে সক্রিয় শাকিরা তার ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষা ও শিশু কল্যাণের কাজ করছেন। এই লক্ষ্যই ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’-এর উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
উল্লেখযোগ্য, প্রায় দুই দশক আগে শেষবার ভারতে কনসার্ট করেছিলেন শাকিরা। ২০০৭ সালে তার ‘ওরাল ফিক্সেশন’ ট্যুর-এর অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন তিনি।