
ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দুটি দীর্ঘ ছুটির সুযোগ। এই সময় দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মিলিয়ে কর্মরতরা একাধিক দিন বিশ্রাম নিতে পারবেন।
ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এর প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ কর্মদিবস হলেও, যদি সরকারি কর্মচারীরা এই দিন ছুটি নেন, তাহলে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এরপর দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন এবং তার পূর্ববর্তী ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা এখানে আরও চার দিনের ছুটির সুযোগ পাবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়।’