
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা (Rethinking system for Longer Lives)—এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বেলা ১১টায় একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বনি আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, দ্বীপাঞ্চল ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, মানবসেবা সংস্থার সভাপতি রফিক সাদী, প্রবীনব্যক্তিদের মধ্যে মো. ছিদ্দিকুর রহমান ও শাহে আলম প্রমুখ।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবীণদের অধিকার, সামাজিক নিরাপত্তা, চিকিৎসাসেবা ও পারিবারিকভাবে তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ সময়ে তাদের নিরাপত্তা, সম্মান ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণদের একাকীত্ব দূর করে তাদের প্রতি সহমর্মী ও মানবিক আচরণ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।