
নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের দুই দিন পর মো. সোহেল রানা নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের অলি উদ্দিনের ছেলে। তিনি ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে সোহেল ইটভাটায় কাজে যাননি। বিকালে তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যা থেকে সোহেল নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি।
সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে শ্রমিকরা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সোহেলের মরদেহ শনাক্ত করেন।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।”