
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ও উপস্থিতি ধরে রাখতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় করত ভারত সরকার। মোদি ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে তাঁর নাম উল্লেখ করে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ব্যবস্থা করেছিল একটি লবিং প্রতিষ্ঠান।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিদেশি প্রতিনিধিদের নিবন্ধন আইন (ফ্যারা)-এর আওতায় জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং প্রতিষ্ঠানটি এসব তথ্য প্রকাশ করেছে।
ট্রাম্প ঘনিষ্ঠদের পরিচালিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার সম্মানীতে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটির মূল দলের সদস্যদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরকালীন দলের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা। এ ছাড়া ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা সুজি ওয়াইলসও প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
নথিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের একটি পোস্ট প্রকাশের ব্যবস্থাও করেছিল মারকারি পাবলিক অ্যাফেয়ার্স। ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি প্রতিষ্ঠানও ভারত সরকারের হয়ে কাজ করেছে। চলতি বছরের মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোনে কথোপকথনের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি।
ফ্যারার অধীনে জমা দেওয়া নথিতে এসব উদ্যোগকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে ফোনালাপগুলোর আয়োজন করা হয়েছিল।
২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে ভারত সরকার। পরবর্তী সময়ে গত এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়।
ওয়াশিংটনে অবস্থিত ভারতের দূতাবাস প্রতিষ্ঠানটির সঙ্গে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে চুক্তি করেছিল।
নীতিগত সহায়তা দিত লবিং ফার্ম
চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি মার্কিন সরকারের বিভিন্ন দপ্তর, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের কাছে নীতিনির্ধারণী বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহযোগিতা দেওয়ার দায়িত্ব পালন করত।
যুক্তরাষ্ট্রের বিদেশি প্রতিনিধিদের নিবন্ধন আইন বা ফ্যারা অনুযায়ী, বিদেশি গ্রাহকদের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রমের বিস্তারিত বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য নিয়মিত জমা দিতে হয়।
মার্কো রুবিওর ভারত সফরের আগে একাধিক বৈঠকের উদ্যোগ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠানটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠকের ব্যবস্থা করে।
এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জিন ল্যাঞ্জের সঙ্গে ভারতের কর্মকর্তাদের আলোচনার ব্যবস্থা করা হয়েছিল।
রুবিওর সফর শেষ হওয়ার পর জুন মাসে ভারতীয় কর্মকর্তারা আরও কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং।
সূত্র: দ্য ওয়ার