.jpg)
দীর্ঘদিন কার্যকর কমিটি না থাকায় টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২৩ জুন) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী পরিষদ না থাকায় সাধারণ মালিকরা ব্যবসায়িক নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পাশাপাশি যানবাহন পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হচ্ছিল।
এ অবস্থায় মালিকদের স্বার্থ সংরক্ষণ, যাত্রীসেবার মান উন্নয়ন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে ৫১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।
অনুমোদিত আহ্বায়ক কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকেকে আহ্বায়ক, খন্দকার আতিকুজ্জামান টুটুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সৈয়দ জাদিদুল হক জাদিদকে যুগ্ম আহ্বায়ক, তারিকুল ইসলাম ঝলককে যুগ্ম আহ্বায়ক এবং নিলুফা ইয়াসমিন খানকে সদস্য সচিব করা হয়েছে।
জানা গেছে, আগামী বুধবার ২৪ জুন ২০২৬ থেকে এ কমিটি কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পরবর্তী নির্বাচনের পরিবেশ তৈরিতে কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবনির্বাচিত আহবায়ক শফিকুর রহমান খান শফিক বলেন, মালিক সমিতির সকল সদস্য ও শ্রমিকদের কল্যাণে কাজ করবাে সব সময়। মাননীয় মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে বিশেষ করে ধন্যবাদ জানাই বাস মালিক সমিতির পক্ষ থেকে। তিনি তার উদ্যোগে এই মালিকদের কথা চিন্তা করে সকল সমস্যা দূরে দেওয়ার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে সাধারণ মানুষের সব সময় সেবা দিয়ে যাব।
পরিবহন মালিকদের প্রত্যাশা, নতুন এ আহ্বায়ক কমিটি টাঙ্গাইলের পরিবহন খাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে এবং মালিক-শ্রমিক ও যাত্রীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।