
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন হোসেন (১১) ও রহমত (৮)। হোসেন মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং রহমত একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা স্থানীয় বাসিন্দা মো. এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর দুই ভাই বাড়িতে ফেরে। পরে আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে দুই ভাই পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুরে নেমে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুই শিশুকে পানি থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি পানিতে ডুবে মৃত্যুর। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।