
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটর এলাকায় এ কর্মসূচি পালন করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।