
যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, বরং শ্বাসরোধ হত্যার ঘটনা বলে দাবি করেছেন মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান। চিকিৎসা-সংক্রান্ত নথি ও ছবি পর্যালোচনা করে তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি। তবে এপস্টেইনের মৃত্যুর বিষয়ে ২০১৯ সালে দেওয়া আত্মহত্যার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয়।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তার বিরুদ্ধে যৌন পাচারের অভিযোগে বিচার হওয়ার কথা ছিল। ময়নাতদন্তের পর নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষক তার মৃত্যুকে আত্মহত্যা বলে সিদ্ধান্ত দেন। একই সঙ্গে হত্যার ইঙ্গিত দেয়, এমন আত্মরক্ষামূলক আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
তবে এপস্টেইনের মৃত্যুর সময়ের কাছাকাছি মধ্যরাতে সিসিটিভি ফুটেজে তিন মিনিটের ব্যবধান এবং তার কক্ষের বাইরে থাকা দুটি ক্যামেরা বিকল থাকার ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। নতুন করে অধ্যাপক ফ্রিম্যানের পর্যালোচনা প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
সোমবার সন্ধ্যায় লন্ডনে নিজের অনুসন্ধানের ফলাফল প্রকাশ করেন ফ্রিম্যান। তিনি নিজে এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। বরং এপস্টেইনের ভাই মার্কের দেওয়া ময়নাতদন্তের নথি ও ছবি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন। মার্কও দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তার ভাইকে হত্যা করা হয়েছে।
ফ্রিম্যান বলেন, এপস্টেইনের বাম কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে, যা তার মতে হামলার ইঙ্গিত বহন করে। তার ধারণা, দড়ি বা এ ধরনের কোনো বস্তু দিয়ে পেছন দিক থেকে এপস্টেইনকে শ্বাসরোধ করা হয়েছিল। পরে একই বস্তু ব্যবহার করে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
এপস্টেইনের গলায় দড়ির দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্নও দেখতে পেয়েছেন বলে জানান ফ্রিম্যান। তার মতে, পেছন থেকে শ্বাসরোধ করার সময় কেউ গলা থেকে দড়ি সরানোর চেষ্টা করলে এ ধরনের দাগ তৈরি হতে পারে। মরদেহ যে অবস্থায় পাওয়া গিয়েছিল, তার সঙ্গে আঘাতের চিহ্নগুলোর সামঞ্জস্য নেই বলেও দাবি করেন তিনি। এসব বিষয় বিবেচনায় তার মতে, হত্যাকাণ্ডই এপস্টেইনের মৃত্যুর একমাত্র ব্যাখ্যা।
সূত্র: বিবিসি।