
জাপানের আকাশসীমায় দুটি সন্দেহভাজন রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের ঘটনায় যুদ্ধবিমান পাঠিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনায় মস্কোর কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে টোকিও। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার কিছু পর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা প্রদেশের উপকূলবর্তী ওকিনোশিমা দ্বীপের কাছে দুটি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ করে। প্রতিটি বিমান প্রায় তিন মিনিট করে দেশটির আকাশসীমায় অবস্থান করে। এ সময় জাপানের যুদ্ধবিমানগুলো অনুপ্রবেশকারী বিমান দুটিকে সতর্কবার্তা দেয়।
কিহারা বলেন, রুশ বিমানের মাধ্যমে জাপানের জাতীয় আকাশসীমা লঙ্ঘন শুধু দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘনই নয়, এটি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
তিনি আরও জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাপান।
জাপানের এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কোরিয়াও জানিয়েছিল, রুশ সামরিক বিমান দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করায় যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এ সময় কৌশলগত মহড়াও চালানো হয়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, কয়েকটি রুশ বিমান পূর্ব সাগরের ওপর দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে। সাগরটি জাপান সাগর নামেও পরিচিত। পরে বিমানগুলো ওই অঞ্চল থেকে বেরিয়ে যায়। তবে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘিত হয়নি।
এদিকে তাইওয়ান জানিয়েছে, মঙ্গলবার ভোরে দ্বীপটির কাছাকাছি এলাকায় দুটি রুশ সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
উল্লেখ্য, আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে কাছাকাছি আসা উড়োজাহাজ শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য এ ধরনের অঞ্চল নির্ধারণ করা হয়।