
ইরানের সঙ্গে যোগসাজশ ও সন্ত্রাসবাদের অভিযোগে ৬৪ জন শিয়া মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। সাজাপ্রাপ্তদের অধিকাংশই ধর্মীয় নেতা ও আলেম। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বিআইআরডি) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন মানামার হাই ক্রিমিনাল কোর্ট।
গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সুন্নি শাসিত বাহরাইনে গ্রেপ্তার অভিযান বেড়ে যায়। চলমান যুদ্ধে মার্কিন ঘাঁটি থাকায় দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে গুপ্তচরবৃত্তি এবং ইরানের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগে বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের শত শত মানুষকে আটক করে প্রশাসন। এ ছাড়া অনেকের নাগরিকত্বও বাতিল করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দেওয়া রায়ে সাজাপ্রাপ্তদের মধ্যে ৫৬ জনকে গত মে ও জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ৪৭ জনই শিয়া আলেম। এদের মধ্যে দেশটির প্রধান মসজিদগুলোর খতিব ও ইমামও রয়েছেন। বাকি নয়জন তাদের সহযোগী ও ধর্মীয় বক্তা।
এ ছাড়া নির্বাসিত শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ইসা কাসিমসহ ১৩ জনকে তাদের অনুপস্থিতিতেই বিচার করে সাজা দেওয়া হয়েছে। বাহরাইন সরকারের দাবি, পলাতক এসব আসামির বেশিরভাগই বর্তমানে ইরানে অবস্থান করছেন।
আসামিদের বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সহায়তায় সন্ত্রাসী সংগঠন গঠন, সংবিধান বাতিলের আহ্বান এবং ইরানের আদলে ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল। কারাদণ্ডের পাশাপাশি আদালত কয়েকজনকে ২ লাখ ৬৫ হাজার ডলার জরিমানা এবং ২ কোটি ১২ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীদের মতে, এই রায় তাদের কল্পনার চেয়েও ভয়াবহ।
রায়ের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২০টি সংস্থা জানিয়েছে, কারাগারে আসামিদের ঘুমাতে না দিয়ে, চোখ ও হাত বেঁধে এবং নির্যাতনের ভয় দেখিয়ে না পড়েই স্বীকারোক্তিতে স্বাক্ষর নেওয়া হয়েছে। বিআইআরডি এই রায়কে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে।
তবে নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছে বাহরাইন সরকার। দেশটির প্রশাসনের দাবি, ধর্মীয় বিশ্বাসের কারণে নয়, বরং জব্দ করা নথিপত্র ও রেকর্ড করা খুতবার মতো প্রমাণের ভিত্তিতেই আসামিদের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হয়েছিল বলেও দাবি করেছে সরকার।
সূত্র: বিবিসি।