
দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সীমিত পরিসরে দু’টি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি জানান, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রী ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে একটি এবং ৭ মার্চ এতিম ও আলেম-উলামাদের সম্মানে আরেকটি ইফতার মাহফিল আয়োজন করছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে এই দুটি অনুষ্ঠান।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে যমুনায় ইফতার আয়োজনের যে সময়সূচি আগে নির্ধারিত ছিল, তা দেশের পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয়েছে।
সাধারণত প্রতি বছর রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাসভবনেই ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান থেকে বিরত রয়েছেন।