
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরকে গুরুত্ব দিয়ে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সামনের সারিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এমন চ্যালেঞ্জের মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও জরুরি।
২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার।
এ লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দেশে পরিবেশবান্ধব শিল্পায়নকে উৎসাহিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার বিস্তার, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে সরকার।
পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের উদ্দেশ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।
এ ছাড়া উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান ব্যবস্থায় এখনো পর্যাপ্ত অর্থায়ন নেই। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারও যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।
তিনি আরও বলেন, এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ পরিস্থিতি মোকাবিলায় পাঁচটি প্রস্তাব তুলে ধরে তারেক রহমান বলেন, প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগের মাধ্যমে জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে সবার জন্য ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর গতি ত্বরান্বিত করতে হবে।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে জ্বালানির ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কপ-৩১ সম্মেলন সফল হবে বলে প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।
তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
বক্তব্যের শুরুতে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।