
জামালপুরের মেলান্দহে পৈতৃক বসতভটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মাসুদ মিয়া নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাসুদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে। অভিযুক্ত ছোট ভাই হাসিব মিয়া। দুই ভাইয়ের মা একজন হলেও তাদের বাবা ভিন্ন।
স্থানীয়রা জানায়, নিহত মাসুদের বাবা আমিনুর মিয়ার মৃত্যুর পর তার মা পরিবারেরই এক চাচার সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারেই হাসিব মিয়ার জন্ম হয়।
পরবর্তীতে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার ইফতারের পর তাদের মধ্যে তর্ক থেকে হাতাহাতিতে রূপ নেয়।
এসময় ছোট ভাই হাসিব লাঠি দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করেন। এতে মাসুদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ ওবায়দুর রহমান বলেন, “দুই ভাইয়ের মধ্যে বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এ ঘটনা থেকেই হত্যাকাণ্ড।”
পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত হাসিব মিয়া পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি, তবে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।