
রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলায় চারটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার নোভোরোসিয়েস্ক বন্দর এলাকায় ইউক্রেনের হামলায় অন্তত চারটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নাবিক নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।
ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এসবিইউ–এর একটি সূত্র কিয়েভ ইন্ডিপেনডেন্টকে জানায়, গত সোমবার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এই নৌবন্দরে আঘাত হানে। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ফ্রিগেট অ্যাডমিরাল এসেন-ও রয়েছে।
পরবর্তীতে বুধবার আরও নিশ্চিত করা হয় যে, রাশিয়ার আরও তিনটি যুদ্ধজাহাজ—মাইনসুইপার ভ্যালেন্টিন পিকুল এবং সাবমেরিনবিরোধী জাহাজ ইয়েস্ক ও কাসিমভ—এই হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
সূত্রটির দাবি অনুযায়ী, আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট অ্যাডমিরাল এসেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে টিকে-২৫ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, জেডআর-৯০ লক্ষ্য আলোকসজ্জা রাডার, থার্মাল ট্র্যাপ এবং রেডিও সিগন্যাল স্ক্যাটার স্থাপনে ব্যবহৃত গ্রেনেড লঞ্চার।
এছাড়া হামলার ফলে ফ্রেগ্যাট-এমটুএম নজরদারি রাডারও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই রাডার সাধারণত আকাশ ও ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তু শনাক্ত করতে ব্যবহৃত হয়।