
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
এই প্রতিযোগিতায় আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দল মাঠে নামে। ম্যাচ হয় ২০ মিনিট করে দুই অর্ধে।
ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন বায়েজিদ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখান পাভেল। ২৪ ও ৩৬ মিনিটে দুটি গোল করেন তিনি। দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আজারবাইজানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। পঞ্চম স্থান অর্জন করা ৩২টি দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ফিফা এই প্রতিযোগিতায় ছয়টি টায়ারে চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।