
২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারানো সদস্যরা পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দপ্তরের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন চাকরিচ্যুত সদস্যরা।
নিরপেক্ষ তদন্তের দাবি
কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত সদস্যরা বলেন, পিলখানার ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে যোগ্য সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে থাকায় তারা মানবিক, সামাজিক ও আর্থিক নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন।
এ অবস্থায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার পাশাপাশি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
৮ হাজার ৭৯৬ জনের পুনর্বহাল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
এদিকে পিলখানার ওই ঘটনায় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরও চাকরিচ্যুত সদস্যরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই এবং যোগ্য ব্যক্তিদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বিজিবি সদর দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।