
হাসপাতালে পৌঁছানোর আগেই চলন্ত অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের নারী হাজতি বৃষ্টি খাতুন (১৯)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
কারা সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য বৃষ্টি খাতুনকে ঝিনাইদহ থেকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেওয়া হচ্ছিল। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে অ্যাম্বুলেন্সটি যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে হঠাৎ তার প্রসববেদনা তীব্র হয়। একপর্যায়ে চলন্ত অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
মা ও শিশুর নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি জানতে পেরে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনায় মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন। নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।