-6a7ec1193a085.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজের একপর্যায়ে জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জাহাজের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করেন।
অভিযানের সময় প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের প্রাণহানি ঘটেছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আরও চারজন মারা যান।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।