
চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সম্প্রতি কোনো থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল কি না, তা নিশ্চিত হতে ব্যালিস্টিক পরীক্ষা ও বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈন্যারটেক পুলসংলগ্ন চার রাস্তার মোড়ের পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রটির মূল কাঠামো লোহার এবং হাতল প্লাস্টিকের তৈরি। পিস্তলের এক পাশে ইংরেজিতে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ লেখা খোদাই করা রয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রটির ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত থাকলেও এর সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, এটি ব্রাজিলের সুপরিচিত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান টরাসের তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি সেমি-অটোমেটিক পিস্তল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রতিষ্ঠানটির জি-৩ (G3) সিরিজের মডেল।
সূত্রটি আরও জানায়, বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের পিস্তল ব্যবহার করে থাকে। ফলে অস্ত্রটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত ছিল কি না অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কি না, তা প্রযুক্তিগত তদন্ত ও ব্যালিস্টিক পরীক্ষার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটির উৎস জানতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। ব্যালিস্টিক পরীক্ষাসহ সব দিক নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’