
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে হিসাব সহকারী পদে নিয়োগের পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। এ পদে নিয়োগ দিতে এক প্রার্থীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরীক্ষাটি বন্ধের সিদ্ধান্ত আসে। তবে ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রার্থী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ দেন কেন্দ্রের দায়িত্বে থাকা কলেজটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
কলেজ সূত্রে জানা গেছে, হিসাব সহকারী পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন ১৪ জন। শুক্রবার সকালে তাঁদের মধ্যে ছয়জন পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন। তাঁদের একজন ছিলেন ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডল। হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। কী কারণে পরীক্ষা বন্ধ করা হলো, তা নিয়েও তাঁদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আবু রায়হান মণ্ডল বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় ঘনিয়ে আসার পরও পরীক্ষা আয়োজনের কোনো প্রস্তুতি দেখা যায়নি। তিনি কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি বলেও দাবি করেন।
পরীক্ষা স্থগিতের কারণ জানতে চাইলে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। তবে বোর্ডের সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন সেখানে আসেননি। মুঠোফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, পরীক্ষা বন্ধের কারণ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না থাকার কথা জানিয়েছেন তাজ উদ্দিন। তাঁর বিরুদ্ধে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তাজ উদ্দিন বলেন, ‘ফেসবুকে অনেক কথাই ছড়ানো হয়। টাকা নেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই।’
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে তিনি বলেন, পরীক্ষা স্থগিতের কারণ জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।