
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করেছে।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান। কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার থেকে তদন্তের প্রথম দিনের কাজ শুরু হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। এ সময় তাঁরা বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের সঙ্গে কথা বলেন। ঘটনার সময় কী ঘটেছিল, সে বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত জানতে চান।
তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, প্রাথমিকভাবে তদন্তের কাজ শুরু হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ করে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন তাঁরা।
গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত।
মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।