
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, ভোর ৪টার দিকে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাড়ির সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। এরপর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে এবং দুই মিনিট পর ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণ হয়।
স্থানীয় কয়েকজন দাবি করেন, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পরপর বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।
আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আগে প্রথমে তার বাড়ির সামনে বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ককটেলের খোসা নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।