
গাইবান্ধার সাঘাটায় গৃহপালিত গরুর গুঁতায় নবির হোসেন ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কৃষক নবির হোসেন নিজের গরুটি বাড়ির পাশের একটি জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় গরুটি হঠাৎ করেই তাকে লক্ষ্য করে সজোরে গুঁতা দেয় এবং তিনি মাটিতে পড়ে যান। গরুর শিংয়ের আঘাতে তার মুখ ও মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বিষয়টি নিশ্চিত করেছেন।