
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগ থাকলেও গাইবান্ধায় বাস্তবে চিত্র ভিন্ন—তেল না পেয়ে বিপাকে পড়েছেন অধিকাংশ মোটরসাইকেল চালক, যার জেরে সড়কে নেমেছে বিক্ষোভ।
মঙ্গলবার (২৪ মার্চ) দিনজুড়ে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংকটের কারণে শত শত বাইকারকে ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে দুপুরের দিকে ক্ষুব্ধ চালকরা গাইবান্ধা–পলাশবাড়ি সড়কে বিক্ষোভ ও অবরোধ গড়ে তোলেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
এদিকে একই দিন দুপুরে শহরের কাদিরিয়া ফিলিং স্টেশন–এ তেল নেওয়াকে কেন্দ্র করে লাইনে দাঁড়ানো গ্রাহকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
রাতের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। রাত ১১টার দিকে গাইবান্ধা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তাদের পেট্রোলবাহী গাড়ি পথে রয়েছে এবং পুলিশি সহায়তা পেলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তেল সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে।
এছাড়া গভীর রাতে গোবিন্দভোগ এলাকার একটি পাম্পে মোটরসাইকেল চালকদের তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানা গেছে।