
গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং মঈনুল ইসলাম (৫০)। লেবু মিয়া পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে। মঈনুল ইসলাম একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। ওসি আবদুল আলিম জানান, নিহতদের স্বজনরা মরদেহ দেখে তাদের শনাক্ত করেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে এক নারী তার আত্মীয়কে নিয়ে ঢাকা থেকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় বাস থেকে নামেন। পরে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাটে (ভাঙা ব্রিজ) তিনজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। ধারালো অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধাওয়া করলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোজাহিদপুর এলাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দুজনকে পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর একজন পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।