.jpg)
রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। পাশাপাশি, ঢাকায় কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে নতুন এই কর্মসূচির তথ্য জানান। তিনি বলেন, “শনিবার দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবে।”
এর সঙ্গে যুক্ত হয়ে বিকেল ৩টায় ঢাকায় দলের কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ এবং ন্যায্য বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। নাকও ফেটে গেছে। এই অবস্থায় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলের নেতা-কর্মীদের।