
খাগড়াছড়ির পানছড়ি সেনা জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে পানছড়ি সাবজোনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। প্রশিক্ষণ শেষে ৩৮ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন তিনি।
তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুর স্বাস্থ্য এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাহাড়ি জনপদে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগ পাহাড়ি এলাকার মানুষের সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
সেনাবাহিনীর এসব মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হচ্ছে। স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের পাশাপাশি জনগণের প্রয়োজনভিত্তিক বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকলে পাহাড়ি অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।