
মৎস্য উৎপাদন ও দেশের স্বনির্ভরতার বার্তা সামনে রেখে বঙ্গভবনের সিংহ পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউসের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি এবং কালিবাউস ৪০ কেজি—সব মিলিয়ে ৪০০ কেজি মাছের পোনা ছাড়া হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।