
খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয় দুটির ল্যাপটপ, কম্পিউটারসহ বিপুলসংখ্যক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অবস্থিত দুটি সরকারি দপ্তরে একই সময়ে আগুন লাগার ঘটনাকে পরিকল্পিত বলে সন্দেহ করছে পুলিশ। নথিপত্র সরিয়ে ফেলার উদ্দেশ্যে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলেও ধারণা তাদের।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নেভানোর সময় কার্যালয় দুটির জানালা খোলা অবস্থায় দেখতে পান তাঁরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ভূমি অফিসে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। নথিপত্র গায়েব করার উদ্দেশ্যেও এ ঘটনা ঘটানো হতে পারে বলে সন্দেহ রয়েছে। অন্যদিকে, সমাজসেবা কার্যালয়ে আগুন লাগার ঘটনাটিও রহস্যজনক। পাশাপাশি অবস্থিত দুটি সরকারি কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা হলে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে।