
ক্যাশলেস লেনদেন বাড়ানো গেলে দুর্নীতির সুযোগ কমবে এবং ব্যবসার খরচও কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘লঞ্চিং অব ডায়নামিক বাংলা কিউআর ফর ইউনিভার্সাল পেনশন স্কিম, পাওয়ার্ড বাই ট্রাস্ট ব্যাংক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটালাইজেশন এবং ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ডিজিটালাইজেশনের গুরুত্ব অনেক বেশি। বিএনপির নির্বাচনি ইশতেহারেও ডিজিটাল অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমবে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার খরচও কমিয়ে আনা সম্ভব হবে।
বাংলা কিউআরকে আরও কার্যকর ও গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তঃসংযোগ বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করা। বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আন্তঃসংযোগ না থাকলে বাংলা কিউআরের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না।
অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতিটি লেনদেনের তথ্যভিত্তিক রেকর্ড তৈরি হবে। এতে কর আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিবিধি অনুসরণ করা সহজ হবে। একই সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতের তথ্য সংগ্রহ করে নীতিনির্ধারণে তা কার্যকরভাবে ব্যবহার করা যাবে।