
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে চামড়া সংরক্ষণ ও পাচার ঠেকাতে মাঠপর্যায়ে বিশেষ প্রস্তুতির কথাও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে নতুন দর ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এবার ঢাকার ভেতরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এ দাম হবে ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর রাজধানীতে এই দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং বাইরে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বকরির চামড়ার দাম ধরা হয়েছে ২২ থেকে ২৫ টাকা।
চামড়া যেন অবহেলায় নষ্ট না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি নিয়ে ইতোমধ্যে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাসংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সারাদেশে এই কার্যক্রম পরিচালনা ও লবণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হতে পারে।
দেশীয় চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে অবৈধ পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। মাঠপর্যায়ে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।