
কোনো কোম্পানি এখন থেকে এককভাবে বা একাধিক ব্যাংকে মিলিয়ে তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যমানের শেয়ার ধারণ করতে পারবে না। একই সঙ্গে কোনো কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে এমন কাউকে নিয়োগ দেওয়া যাবে না, যিনি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক নন।
প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রেও শেয়ার মালিকানার নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে মনোনীত ব্যক্তির নিজ নামে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে।
বৃহস্পতিবার এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়ে দেশের সব ব্যাংকে সার্কুলার পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
কোম্পানির আর্থিক সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির হয়ে মনোনীত প্রতিনিধি পরিচালকদের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে এই নির্দেশনার প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নিট সম্পদের বেশি শেয়ার থাকলে ছয় মাসের মধ্যে কমাতে হবে
সার্কুলারে বলা হয়েছে, কোনো কোম্পানি এককভাবে অথবা একাধিক ব্যাংকে সম্মিলিতভাবে তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যমানের শেয়ার মালিকানা রাখতে পারবে না।
কোনো কোম্পানির শেয়ার মালিকানা নির্ধারিত সীমার চেয়ে বেশি থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা অনুমোদিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।
অর্থাৎ ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রে কোম্পানির নিজস্ব নিট সম্পদের পরিমাণকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।
কোম্পানির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে ব্যাংকের পরিচালনা পর্ষদে ‘প্রতিনিধি পরিচালক’ হিসেবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও নতুন শর্ত নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালক অবশ্যই ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে।
এ ছাড়া প্রতিনিধি পরিচালক মনোনয়নের আগেই সংশ্লিষ্ট ব্যক্তির নিজ নামে নির্দিষ্ট পরিমাণ দায়মুক্ত শেয়ার মালিকানা নিশ্চিত করতে হবে।
তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে তার নিজ নামে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে।
প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পুরো সময়জুড়েই এই শেয়ার মালিকানা বজায় রাখতে হবে।
প্রতিনিধি পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
কোনো কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ কিংবা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের জন্য আবেদন করার সময় নির্ধারিত শর্ত পূরণের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট দলিলপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
সার্কুলার জারির আগেই যেসব প্রতিনিধি পরিচালক নিয়োগ পেয়েছেন, তাদের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন সার্কুলারে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
পর্ষদ সভায় নির্দেশনা উপস্থাপনের বাধ্যবাধকতা
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনাগুলো ব্যাংকের পরিচালকদের অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করতে হবে।
একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এসব নির্দেশনার বিষয়টি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং শেয়ারধারকদেরও জানানো ও তাদের নজরে আনার ব্যবস্থা করতে বলা হয়েছে।